প্রথম পাতা খবর অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, ১ জুন থেকে আবেদন শুরু! কারা পাবেন মাসে ৩ হাজার টাকা, কারা বাদ?

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, ১ জুন থেকে আবেদন শুরু! কারা পাবেন মাসে ৩ হাজার টাকা, কারা বাদ?

7 views
A+A-
Reset

রাজ্যের বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদনের ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার থেকেই ফর্ম ফিলআপের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার। অফলাইন ও অনলাইন— দুই পদ্ধতিতেই আবেদন করার সুযোগ পাবেন উপভোক্তারা। আগামী ১ জুন ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন শুরু হবে এবং টানা ৯০ দিন ধরে চলবে এই প্রক্রিয়া।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, যোগ্য উপভোক্তারা মাসিক ৩ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। তবে এই সুবিধা পেতে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক। অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) লিঙ্ক না থাকলে টাকা পাওয়া যাবে না।

নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর অর্থ দফতরের তরফে গত ১৯ মে বিজ্ঞপ্তি জারি করে প্রকল্পের যোগ্যতা ও শর্তাবলি স্পষ্ট করা হয়। যদিও এখনও বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে— লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা কি সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত উপভোক্তা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে অন্তর্ভুক্ত হবেন না। মৃত, স্থানান্তরিত, ভোটার তালিকা থেকে বাদ পড়া কিংবা SIR-২০২৬ চলাকালীন অনুপস্থিত হিসেবে চিহ্নিত ভোটারদের নাম সরাসরি স্থানান্তরিত হবে না। এমনকি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বাদ পড়া বা শুনানির পরে অযোগ্য ঘোষিত ভোটারদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।

তবে সরকার স্পষ্ট জানিয়েছে, নতুন করে সকলকেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত এনরোলমেন্ট করলে দ্রুত সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। অর্থ দফতরের শর্ত অনুযায়ী, আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারী, পেনশনভোগী, সরকারি অনুমোদিত শিক্ষক-অশিক্ষক, পুরসভা বা পঞ্চায়েত কর্মী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। পাশাপাশি আয়করদাতা কোনও মহিলাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.