প্রথম পাতা খবর অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ছে, ৩৬ হাজার থেকে বেড়ে ৪৮ হাজার কোটি

অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ছে, ৩৬ হাজার থেকে বেড়ে ৪৮ হাজার কোটি

8 views
A+A-
Reset

অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়াতে চলেছে রাজ্য সরকার। বছরে এই প্রকল্পের জন্য বরাদ্দ ৩৬ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করা হতে পারে। মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার নাম অনুমোদন করা হয়েছে। আরও ১৪ লক্ষ আবেদনের যাচাই প্রক্রিয়া চলছে। ফলে উপভোক্তার সংখ্যা আরও বাড়তে পারে। সেই কারণেই বর্তমান বাজেট বরাদ্দে প্রকল্প চালানো সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি।

শুভেন্দু বলেন, “১ কোটি ৪৫ লক্ষের অনুমোদন দেওয়া হয়েছে। আরও ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। উপভোক্তার সংখ্যা বাড়বে। আমরা বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি। তাতে হবে না। ৪৮ হাজার কোটি টাকা লাগবে।”

১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা

গত ১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। প্রথম দফায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। ২০ অগস্ট দুপুরের মধ্যে প্রথম দফার সমস্ত যোগ্য উপভোক্তা টাকা পেয়ে যাবেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া ১ কোটি ৬৬ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। বাকি ১৪ লক্ষ আবেদন, যা ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়েছিল, সেগুলির যাচাই প্রক্রিয়া চলছে।

যাঁদের আবেদন যাচাইয়ের পর যোগ্য বলে বিবেচিত হবে, তাঁরাও প্রকল্পের সুবিধা পাবেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

বাদ পড়লে ফের আবেদনের সুযোগ

যোগ্য হওয়া সত্ত্বেও কারও নাম তালিকা থেকে বাদ পড়লে তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন। ২০ অগস্ট থেকে নতুন পোর্টালের মাধ্যমে সেই আবেদন গ্রহণ করা হবে। প্রশাসন আবেদন এবং প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। যোগ্য বলে বিবেচিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকল্পের তালিকায় যুক্ত করা হবে।

উপভোক্তার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা এবং নতুন করে যোগ্যদের অন্তর্ভুক্তির বিষয়টি মাথায় রেখেই প্রকল্পের বার্ষিক বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

‘যোগ্য মহিলা যাতে বাদ না যান’

অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনও যোগ্য মহিলা যাতে বাদ না যান, তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আর্থিক ভাবে স্বচ্ছল কোনও মহিলা যদি প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সে বিষয়টিও খতিয়ে দেখতে বলেছেন তিনি।

শুভেন্দুর আবেদন, যাঁদের প্রকল্পের অর্থের প্রয়োজন নেই, তাঁরা যেন সেই সুবিধা অন্য কোনও প্রয়োজনীয় মহিলার পাওয়ার সুযোগ করে দেন।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি আশা করব যাঁদের প্রয়োজন নেই, তাঁদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান, তার সুযোগ তাঁরা করে দেবেন।”

সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি প্রকল্পের আওতায় যোগ্য প্রত্যেককে আনার লক্ষ্যেই এবার বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.