কলকাতা: ধর্মতলায় অমিত শাহের সভার আগে ফের একবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক এবং প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। দলের অস্বস্তি বাড়িয়ে ফেসবুক লাইভে বললেন, বিজেপির বিপক্ষে প্রার্থী দেবেন তিনি।
২৯ নভেম্বর বঞ্চিতদের নিয়ে বিজেপির সমাবেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাবেশের মূল বক্তা। তৃণমূল কংগ্রেসের তরফে একুশে জুলাই যে জায়গায় শহিদ সমাবেশ হয়, সেই জায়গাতেই শাহি সমাবেশ উপলক্ষে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি শিবিরে।
তার আগে, দলের একাংশের বিরুদ্ধেই ফের আক্রমণাত্মক অনুপম হাজরা। মারাত্মক দাবি তুলে অনুপম বলেছেন, ‘বিজেপির বিপক্ষে প্রার্থী দেব। স্তাবকে ভরা। ক্রশ চেক করুন।’ তিনি আরও বলেন, ‘যোগ্য না হলেও স্তাবক বা কাছের মানুষকে জেলা সভাপতি করা হচ্ছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কাছের মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে’।
বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের অভিযোগ, ‘বঙ্গ বিজেপি সাধারণত আমাকে এভাবেই এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্ব এলে সভায় থাকার ইচ্ছা থাকে সকলেরই। আমায় সেখানে ডাকা হয় না।’
এ প্রসঙ্গে কোনও মন্তব্য় করেননি বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। কিছু বলতে চাননি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, আমি জানি না। ‘আমার জানা নেই। জানে সভাপতি। আমাদের সভাপতি নির্ভর দল। সব তিনি জানেন।’