Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দোলের পরেই কি রাজ্যে ভোটের বাজনা? মাঝ এপ্রিলে নির্বাচনের জল্পনায় তোলপাড় বাংলা! - NewsOnly24

দোলের পরেই কি রাজ্যে ভোটের বাজনা? মাঝ এপ্রিলে নির্বাচনের জল্পনায় তোলপাড় বাংলা!

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে চলা আইনি টানাপড়েনের মাঝেই বড় আপডেট দিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সংশোধিত সময়সূচী অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। আর এই তালিকা প্রকাশের পরেই কি রাজ্যে বেজে যাবে বিধানসভা নির্বাচনের রণদামামা? সেই চর্চায় এখন সরগরম নবান্ন থেকে রাজনৈতিক অলিন্দ।

এক দফায় ভোটের প্রস্তুতি: ২০২১ সালে রেকর্ড ৮ দফায় ভোট দেখেছিল পশ্চিমবঙ্গ। কিন্তু ২০২৬-এর প্রেক্ষাপট কি বদলাতে চলেছে? মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে, তারা এবার রাজ্যে মাত্র এক দফায় ভোট গ্রহণ করতে প্রস্তুত। এমনকি কেন্দ্রীয় কমিশন পরামর্শ চাইলে সিইও দফতর থেকে এক দফায় ভোট করার পক্ষেই মত দেওয়া হবে বলে সূত্রের খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কেন্দ্রীয় বাহিনীর লভ্যতার ওপর।

ভোট কবে? জল্পনা তুঙ্গে: কমিশন সূত্রে খবর, দোলের পরেই রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি সময়ে ভোট গ্রহণের সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে ৬ দফায় এবং ২০২১-এ ৮ দফায় ভোট হয়েছিল। লোকসভা নির্বাচনগুলিও হয়েছে ৭ দফায়। এবার যদি এক বা দুই দফায় ভোট হয়, তবে তা নজিরবিহীন হতে চলেছে।

কমিশনের উচ্চপর্যায়ের সফর: আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই ১ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের দল। তারা রাজ্যের সমস্ত ডিইও (DEO), পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন। এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গেও আলোচনা করবে এই প্রতিনিধি দল। এসআইআর-এর শুনানি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং ২১ তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ। সর্বোচ্চ আদালতের নির্দেশে সময়সীমা সাত দিন বাড়ানোতেই এই নতুন ক্যালেন্ডার তৈরি করেছে কমিশন।

Related posts

দিঘায় জগন্নাথ মন্দিরের কাছে ১০ একর জমিতে বিলাসবহুল হোটেল গড়ছে হিডকো, ২০০ কোটির মেগা প্রকল্পের দরপত্র প্রকাশ

শাসনের ত্রাস থেকে মমতার সমর্থক? ‘২১ থেকেই ঘাসফুলে ভোট দিচ্ছি’, স্বীকারোক্তি মজিদ মাস্টারের!

‘জনগণমন’র মতোই এবার নিয়ম মেনে গাইতে হবে ‘বন্দে মাতরম’, কেন্দ্রের বড় নির্দেশিকা জারি