কলকাতা: সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে ধর্মতলায় বিজেপি-কে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুক্রবার রাজ্যের আবেদন খারিজ করে দিল।
একক বেঞ্চের নির্দেশ মেনেই হবে সভা। প্রযোজ্য থাকবে একক বেঞ্চের নির্দেশ মতো বিধিনিষেধ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কর্মসূচির জন্য কলকাতা পুলিশের ওয়েবসাইটে দেওয়া শর্ত মানতে হবে। তবে অতিরিক্ত কোনো শর্ত যে সভার আয়োজকদের উপর চাপানো যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।
এ দিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মন্তব্য, ‘অহেতুক সভার অনুমতি নিয়ে বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য। রাজনৈতিক রং চড়ানোর সুযোগ করে দিচ্ছে। পরোক্ষে সভাকে জনপ্রিয় করা হচ্ছে। ১০ হাজার জমায়েতের কথা থাকলে, পুলিশের এমন পদক্ষেপে ১ লক্ষ জমায়েত হয়ে যাবে মনে হচ্ছে। সকলের সমান অধিকার রয়েছে। ২৭ জুলাই পর্যন্ত সমস্ত সভা শহরে নিষিদ্ধ ঘোষণা করলে রাজ্যের আপিল মামলার আবেদন বিবেচনা করবে আদালত।’
এ প্রসঙ্গে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের কথা তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘আমরা একটা কাজ করছি, ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিচ্ছি। কোনো সভা নয়, কোনো কর্মসূচি নয়, কোনো প্রতিবাদ নয়। সকলকে সমান ভাবে দেখাই একমাত্র সমাধান।’
প্রসঙ্গত, আগামী সোমবার (সোমবার ২৯ নভেম্বর) ধর্মতলায় অমিত শাহের সভার আয়োজন করেছে বিজেপি। শর্তসাপেক্ষে ওই সভার অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল বিজেপি।