প্রথম পাতা খবর মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, শুরু সাংসদদের স্বাক্ষর সংগ্রহ

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, শুরু সাংসদদের স্বাক্ষর সংগ্রহ

95 views
A+A-
Reset

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদল সূত্রে জানা গিয়েছে, প্রস্তাব আনার জন্য প্রয়োজনীয় সাংসদদের স্বাক্ষর জোগাড়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে সংসদে এই প্রস্তাব আনা হতে পারে বলেও ইঙ্গিত মিলছে।

গত ৩ ফেব্রুয়ারি সংসদের দুই কক্ষের তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, সেই বৈঠকেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়।

মুখ্য নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। এই ধরনের পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হলে অন্তত ১০০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বর্তমানে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা ৪১ জন। ফলে এই প্রস্তাব আনতে গেলে অন্য বিরোধী দলের সাংসদদের সমর্থন প্রয়োজন হবে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই ক্ষেত্রে কৌশলগত ভাবে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’-ভুক্ত দলগুলির সাংসদদের দ্বারস্থ হবে দল। তাদের কাছ থেকেই স্বাক্ষর সংগ্রহের চেষ্টা চালানো হবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী জোটের দলগুলি যদি এই প্রস্তাবে সমর্থন জানায়, তাহলে জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী অবস্থানে তৃণমূলের অবস্থান আরও শক্তিশালী হবে। আর যদি সমর্থন না মেলে, তাহলে সংশ্লিষ্ট দলগুলির বিজেপি-বিরোধী অবস্থান নিয়েও প্রশ্ন তুলতে পারে তৃণমূল। সব মিলিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.