নিজস্ব সংবাদদাতা: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনের নামে ধর্মতলায় কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব। শনিবার এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনের নামে সাংবাদিকদের উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শুধু কলকাতাতেই নয়, দিল্লিতেও সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যাঁরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতিনিধিদের উপর হামলা চালান, তাঁরা প্রকৃত অর্থে আন্দোলনকারী নন। এই ধরনের দুষ্কৃতীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব।
বিবৃতিতে সভাপতি প্রান্তিক সেন এবং সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন-এর স্বাক্ষর রয়েছে। সংগঠনের বক্তব্য, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান শর্ত। তাই কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।