এখনও পর্যন্ত সবুজ সংকেত দেয়নি রাজভবন! তবে রাজ্যপাল সিদ্ধান্ত জানালেই জটিলতা মিটে যেতে পারে।
ডেস্ক: ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভেঙে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই, রীতি মেনে তাঁর বিধায়ক পদে শপথগ্রহণ শুধুই সময়ের অপেক্ষা।
তৃণমূল সূত্রে খবর, মহালয়ার পরই বিধায়ক পদে শপথ নিতে চলেছেন মমতা। আগামী ৬ অক্টোবর মহালয়া। দলের অন্দরে জল্পনা, মহালয়ার পর দিন, অর্থাৎ আগামী ৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিধায়ক পদে শপথ নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
তবে দিনক্ষণ নির্ধারণের পুরোটাই নির্ভর করছে রাজ্যপালের উপর। কারণ, উপনির্বাচনের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ করান বিধানসভার স্পিকার। সে ক্ষেত্রে তাঁকে অনুমতি নিতে হয় রাজ্যপালের। রাজভবন ক্ষমতা দিলেই মমতাকে শপথবাক্য পাঠ করাতে পারবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে এই ক্ষমতা হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। তবে রাজ্যপাল যদি চান, তা হলে তিনি নিজেও শপথগ্রহণ করাতে পারেন মমতাকে।
একটি বিশেষ সূত্রে খবর, রাজ্যপালের কাছে স্পিকারের তরফে ক্ষমতা চাওয়া হলেও এখনও পর্যন্ত সবুজ সংকেত দেয়নি রাজভবন। কিন্তু সোমবার তা মিলে যেতে পারে বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে মমতাকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার। তবে রাজ্যপাল সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ বিষয়টি নিশ্চিত হবে না।
আরও পড়ুন: বড়োবাজার লাগোয়া চারতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
উল্লেখ্য, গত রবিবার ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণা হয়। রেকর্ড ভোটে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে অনেক পিছনে ফেলে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জিতেছেন তিনি। ২০১১ উপনির্বাচন এবং ২০১৬ বিধানসভা ভোট মিলিয়ে এই নিয়ে তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হলেন মমতা।