প্রথম পাতা খবর প্রতি জেলায় দু’টি করে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষায় ভর্তি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রতি জেলায় দু’টি করে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষায় ভর্তি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

6 views
A+A-
Reset

কলকাতা: রাজ্যের স্কুলশিক্ষার মান ও পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষক দিবস উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি জানান, সেন্ট্রাল স্কুলের ধাঁচে প্রতিটি জেলায় আপাতত দু’টি করে ‘সিএম শ্রী’ বা ‘মুখ্যমন্ত্রী শ্রী’ ইনস্টিটিউট তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলিকে পরবর্তীতে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে। জওহর নবোদয় বিদ্যালয়ের ধাঁচে ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

পঠনপাঠনের মানোন্নয়নের পাশাপাশি আধুনিক পরিকাঠামোর উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ‘সিএম শ্রী’ ইনস্টিটিউটগুলিতে সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব এবং স্মার্ট বোর্ড-সহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা পরিকাঠামো—বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের শিক্ষার মানও নিচের দিকে রয়েছে বলে দাবি করেন তিনি।

শিক্ষাব্যবস্থার এই পরিস্থিতি বদলাতে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী শ্রী তৈরি হবে। জহর নবোদয় বিদ্যালয়ের মতো এগুলিতে ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে একটি মডেল স্কুলেও পরিণত করা হবে।”

তিনি আরও জানান, আপাতত প্রতিটি জেলায় দু’টি করে এই ধরনের প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা রয়েছে। আগামী দিনে রাজ্যের শিক্ষার বিকাশে আরও একাধিক পদক্ষেপ নেওয়া হবে বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু স্কুলশিক্ষা নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও মেধাবী পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু থাকবে বলেও জানান শুভেন্দু। ফলে স্কুলশিক্ষার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষায় মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.