প্রথম পাতা খবর ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, বিল বাড়বে হোটেল-রেস্তোরাঁয়

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, বিল বাড়বে হোটেল-রেস্তোরাঁয়

8 views
A+A-
Reset

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শেষ হতেই ফের বাড়ল জ্বালানির চাপ। নতুন মাসের শুরুতে আবারও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করল তেল বিপণন সংস্থাগুলি। এবার ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারপিছু দাম বেড়েছে ৫৩ টাকা ৫০ পয়সা।

সোমবার, ১ জুন থেকে কার্যকর হওয়া নতুন দামের ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য আরও বৃদ্ধি পেল। এর আগে মে মাসের শুরুতেই এক ধাক্কায় প্রায় এক হাজার টাকা দাম বাড়ানো হয়েছিল। সেই ধারা জুন মাসেও অব্যাহত থাকল।

প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা বিচার করে রান্নার গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়। তবে চলতি বছরে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যবৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে ব্যবসায়ী মহলে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে ১১১ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ১ ফেব্রুয়ারি আরও ৪৯ টাকা বৃদ্ধি পায়। মার্চ মাসে বাড়ানো হয় ৩১ টাকা। এপ্রিলে আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধজনিত প্রভাবের কারণে এক ধাক্কায় ২১৮ টাকা দাম বৃদ্ধি করা হয়। মে মাসে প্রায় ৯৯৩ টাকা বাড়ানোর পর জুনে ফের ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করা হল।

মূলত হোটেল, রেস্তরাঁ, খাবারের দোকান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির এই সিলিন্ডার ব্যবহার করা হয়। ফলে লাগাতার মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়তে পারে খাদ্য ব্যবসার উপর। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, বাড়তি খরচ সামাল দিতে গেলে খাবারের দামও বাড়াতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম এখনও উচ্চস্তরে রয়েছে। বিশ্ববাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের উপর ভিত্তি করেই দেশের তেল বিপণন সংস্থাগুলি গ্যাসের মূল্য নির্ধারণ করে। সেই কারণেই আন্তর্জাতিক বাজারের প্রভাব এবারও পড়ল বাণিজ্যিক এলপিজির দামে।

ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে ছোট ব্যবসায়ী, রেস্তরাঁ মালিক এবং সাধারণ ক্রেতাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.