টানা বৃষ্টিতে কার্যত জবুথবু কলকাতা। শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার সকালেও থামেনি। আকাশ মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যে ঝিরঝির বৃষ্টি চলছে। এর সঙ্গে দমকা হাওয়ায় শহরের জনজীবন কিছুটা ব্যাহত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুর্যোগ আরও কয়েকদিন চলবে। শনিবারও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হাওয়ার গতি ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
রাতের দিকে শহরের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। বজ্রপাতের শব্দে কেঁপে উঠেছে একাধিক এলাকা। এর প্রভাব পড়েছে তাপমাত্রাতেও। এক ধাক্কায় প্রায় ৬ ডিগ্রি কমে গিয়েছে কলকাতার পারদ। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে।
আবহবিদরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে যুক্ত অক্ষরেখার কারণেই এই আবহাওয়ার পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা বৃষ্টির পরিস্থিতিকে আরও জোরদার করছে।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টির দাপট দেখা গিয়েছে। কোথাও ঝোড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে সমুদ্রও উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।