রান্নার গ্যাসের সংকটের আঁচ এবার পড়ল দিঘার জগন্নাথ মন্দিরেও। গ্যাস সিলিন্ডার সরবরাহে সমস্যার জেরে ভক্তদের জন্য প্রসাদ রান্নার পরিমাণ কমাতে বাধ্য হয়েছে মন্দির কর্তৃপক্ষ।
কয়েক মাস আগে দিঘার জগন্নাথ মন্দিরে ভোগ বিতরণের ব্যবস্থা চালু করা হয়েছিল। সেখানে ভক্তদের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা রয়েছে। কুপন কেটে ভক্তরা ভোগ গ্রহণ করতে পারেন। প্রতিদিন তিন বেলা মিলিয়ে প্রায় তিন হাজার মানুষের জন্য রান্না করা হয় মন্দিরে।
মন্দির সূত্রে জানা গিয়েছে, এই বিশাল আয়োজনের জন্য প্রতিদিন প্রায় ১০টি করে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। সাধারণত মন্দিরে ২০ থেকে ২৫টি সিলিন্ডার মজুত রাখা হয়। কিন্তু সম্প্রতি গ্যাস সিলিন্ডার সরবরাহে সমস্যার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
মন্দিরের প্রধান পুরোহিত ও অন্যতম ট্রাস্টি রাধারমণ দাস জানিয়েছেন, বর্তমানে সিলিন্ডার পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই কারণে মঙ্গলবার থেকে ভক্তদের জন্য ভোগ রান্নার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। আপাতত দিনে তিন বেলার জন্য মোট তিন হাজার মানুষের বদলে মাত্র ৭৫০ জনের প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও জানান, মন্দিরের কাছে যে গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে, তা দিয়ে কিছুদিন পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে। তবে গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে ভবিষ্যতে আরও সমস্যার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্দির কর্তৃপক্ষ, যাতে দ্রুত গ্যাসের সরবরাহ নিশ্চিত করা যায়। মন্দির কর্তৃপক্ষের দাবি, জগন্নাথদেবের ভোগ রান্নার বেশিরভাগটাই কাঠের আগুনে করা হয়। তবে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে কাঠ, ঘুঁটে বা অন্য কোনও বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।