মুর্শিদাবাদের ফরাক্কায় কংগ্রেস মনোনীত প্রার্থী মহতাব শেখ-এর জন্য বড় স্বস্তির খবর। এসআইআর ট্রাইবুনাল নির্দেশ দিয়েছে, অবিলম্বে তাঁর নাম ভোটার তালিকায় ফেরাতে হবে। এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর এটি ট্রাইবুনালের প্রথম রায় বলেই জানা গিয়েছে।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় কার্যত চরম সমস্যায় পড়েছিলেন মহতাব। প্রার্থী হয়েও মনোনয়ন জমা দিতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত ট্রাইবুনালে আবেদন করার পরই মিলল স্বস্তি। সল্টলেকের বিজন ভবনে টিএস শিবজ্ঞানম-এর বেঞ্চে শুনানি হয় এই মামলার।
ট্রাইবুনালের পর্যবেক্ষণ অনুযায়ী, আবেদনকারীর বাবার নাম সংক্রান্ত ‘তথ্যগত অসঙ্গতি’র জন্য নোটিস পাঠানো হয়েছিল। তবে সেই অসঙ্গতি মহতাব শেখের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে তাঁর নাম বাদ যাওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। ট্রাইবুনাল নির্দেশ দিয়েছে, রবিবার রাত ৮টার মধ্যেই অতিরিক্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তখন প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটার ‘বিবেচনাধীন’ তালিকায় ছিলেন। Supreme Court of India-এর নির্দেশে তাঁদের তথ্য যাচাই করে নিষ্পত্তির কাজ শুরু হয়। একই সঙ্গে বলা হয়েছিল, কারও নাম বাদ গেলে ট্রাইবুনালে আবেদন করা যাবে।
এই সুযোগেই আবেদন করেন মহতাব। তবে শুরুতে ট্রাইবুনালের কাজ শুরু না হওয়ায় তিনি সমস্যায় পড়েন। এমনকি বিষয়টি নিয়ে প্রথমে Calcutta High Court-এর দ্বারস্থ হলেও, আদালত জানায়—এসআইআর সংক্রান্ত সব মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টের অধীন।
এর পর তিনি সুপ্রিম কোর্টে যান। শীর্ষ আদালত নির্দেশ দেয়, দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইবুনালে আবেদন করতে হবে এবং কমিশনকে সহযোগিতা করতে হবে। সেই নির্দেশ মেনেই ট্রাইবুনালে আবেদন করেন মহতাব।
শুনানিতে তাঁর পক্ষে আইনজীবীরা জানান, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স-সহ একাধিক সরকারি নথিতে তাঁর নাম রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম ছিল। তবুও এসআইআর প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়ে। শেষ পর্যন্ত ট্রাইবুনালের নির্দেশে কাটল সেই জট। ফলে ফরাক্কায় প্রথম দফার নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়ার পথ পরিষ্কার হল কংগ্রেস প্রার্থীর জন্য।