প্রথম পাতা খবর আলিপুরে জেলা পরিষদের বহুতলে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা; ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

আলিপুরে জেলা পরিষদের বহুতলে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা; ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

21 views
A+A-
Reset

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল সরকারি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বুধবার সকালে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকলকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ বহুতল ভবনটির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দ্রুত পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে অন্তত ১০টি দমকল ইঞ্জিন।

দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে ভবনের ভিতরে কেউ আটকে নেই। যদিও অন্য একটি সূত্রের দাবি, বহুতলের ছাদে কয়েক জন সরকারি কর্মী আটকে পড়েছেন। তাঁদের নিরাপদে নামিয়ে আনার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে অনুমান, একটি বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন প্রথমে ভবনের চতুর্থ তলায় লাগে। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে পঞ্চম এবং ষষ্ঠ তলায়। অল্প সময়ের মধ্যেই ধোঁয়া এবং আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে সিঁড়ি ব্যবহার করে উপরের তলায় পৌঁছতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা।

পরিস্থিতি মোকাবিলায় ভবনের জানলার কাচ ভেঙে বাইরে থেকে জল ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। পাশাপাশি বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, অফিসের পূর্ণ কর্মদিবস শুরু হওয়ার আগেই আগুন লাগায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গিয়েছে। অফিসের সমস্ত কর্মী উপস্থিত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন তাঁরা।

ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.