প্রথম পাতা খবর রাসবিহারীতে তৃণমূল প্রার্থী দেবাশিসের বাড়িতে আয়কর হানা, তল্লাশি ঘিরে উত্তেজনা

রাসবিহারীতে তৃণমূল প্রার্থী দেবাশিসের বাড়িতে আয়কর হানা, তল্লাশি ঘিরে উত্তেজনা

42 views
A+A-
Reset

বিধানসভা নির্বাচনের আগে কলকাতার রাসবিহারীতে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোর থেকে মনোহরপুকুর রোডে তাঁর বাড়িতে তল্লাশি শুরু করেন আধিকারিকেরা। পাশাপাশি তাঁর নির্বাচনী কার্যালয় ও পার্টি অফিসেও অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

সূত্রের খবর, তল্লাশির সময় দেবাশিস কুমার বাড়িতেই ছিলেন। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা একাধিক জায়গায় একযোগে অভিযান চালাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ি ও কার্যালয়ের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। হঠাৎ এই তল্লাশির কারণ এখনও স্পষ্ট না হলেও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার তলব করেছিল দেবাশিস কুমারকে। জমি সংক্রান্ত একটি মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এপ্রিল মাসের শুরু থেকে অন্তত তিনবার তাঁকে ডাকা হয়েছিল বলে সূত্রের খবর। যদিও সেই জিজ্ঞাসাবাদ নিয়ে প্রকাশ্যে বিশেষ কিছু বলেননি তিনি।

এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মতিলাল নেহরু রোডে তাঁর পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, কোনও পূর্বসূচনা ছাড়াই অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ নথি নিয়ে কারচুপির চেষ্টা করা হচ্ছে। এমনকি বিরোধী দলের বিরুদ্ধে স্লোগানও তোলেন তাঁরা।

রাসবিহারী কেন্দ্রে এ বার দেবাশিস কুমারের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত। ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.