নেদারল্যান্ডসের আমস্টেলভিনে শুরুটা হল দুর্দান্ত। ২০২৬ পুরুষ হকি বিশ্বকাপের পুল ডি-র প্রথম ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল ভারতীয় পুরুষ হকি দল। অধিনায়ক হরমনপ্রীত সিং জোড়া গোল করে ভারতের জয়ে বড় ভূমিকা নেন।
প্রথম কোয়ার্টারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সঞ্জয় রানা। মাত্র কয়েক মিনিট পরেই আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। ফলে প্রথম কোয়ার্টার শেষ হয় ২-০ ব্যবধানে।
দ্বিতীয় কোয়ার্টারে আর গোল না হলেও তৃতীয় কোয়ার্টারে ফের গোলের মুখ খোলেন হরমনপ্রীত। ৪৩ মিনিটে তাঁর দ্বিতীয় গোল ভারতকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। ম্যাচ তখন কার্যত ভারতের নিয়ন্ত্রণে।
শেষ কোয়ার্টারে অবশ্য ওয়েলস একটি গোল শোধ করে। ৫৬ মিনিটে স্যাম ওয়েলশ গোল করলেও ভারতের জয় আটকানোর মতো সময় ছিল না। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভারত।
বিশ্বকাপের নতুন ফরম্যাটে বড় ব্যবধানে জয় এবং গোল না খাওয়ার লক্ষ্য ছিল ভারতের। সেই জায়গায় শেষদিকে একটি গোল হজম করা কিছুটা চিন্তার হলেও প্রথম ম্যাচে তিন পয়েন্ট পাওয়া নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে। অধিনায়ক হরমনপ্রীতও ম্যাচের পর ভুল কমানোর উপর জোর দিয়েছেন।
প্রায় পাঁচ দশক পর বিশ্বকাপে পদক জয়ের লক্ষ্যে নামা ভারতের সামনে এ বার আরও কঠিন পরীক্ষা। পুল ডি-র পরবর্তী ম্যাচে সোমবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এরপর ১৯ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ রয়েছে।