প্রথম পাতা খবর ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

107 views
A+A-
Reset

ইরানে যুদ্ধ পরিস্থিতির জেরে সে দেশের মাটিতে আটকে রয়েছেন বহু ভারতীয়। আনুমানিক প্রায় ৯ হাজার ভারতীয় বর্তমানে ইরানে রয়েছেন, যাঁদের একটি বড় অংশ পড়ুয়া। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল দেশজুড়ে। এই পরিস্থিতিতে স্বস্তির খবর দিল তেহরানের ভারতীয় দূতাবাস।

মঙ্গলবার দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তেহরানে যে সব ভারতীয় পড়ুয়া আটকে ছিলেন, তাঁদের বেশিরভাগকেই ইতিমধ্যে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে তেহরানে লাগাতার শেলিং ও হামলার ঘটনার জেরে ওই পড়ুয়াদের নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যাঁরা সেই প্রস্তাব গ্রহণ করেছেন, তাঁদের নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের যাতায়াত, থাকা ও খাবারের সমস্ত ব্যবস্থাও করেছে ভারতীয় দূতাবাস।

তবে কিছু পড়ুয়া সরকারের দেওয়া নিরাপদ আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেননি। তাঁরা নিজেদের আবাস ছেড়ে যেতে চাননি এবং এখনও তেহরানেই রয়েছেন। যদিও সেই সংখ্যা তুলনামূলকভাবে কম বলেই জানানো হয়েছে। তাঁদের আগের মতোই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ইরানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে গত রবিবার তেহরানের ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে একাধিক হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। দূতাবাসের তরফে বলা হয়েছে, “যে যেখানে আছেন, সেখানেই থাকুন। যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকুন এবং জানালার ধারে না থাকার চেষ্টা করুন।”

এদিকে, মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া এই যুদ্ধ পরিস্থিতির জেরে আরও একাধিক দেশে বহু ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই দুবাই বিমানবন্দরে তিনটি এয়ার ইন্ডিয়ার বিমান পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ইরানে আটকে থাকা ভারতীয়দেরও দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কেন্দ্র।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.