কলকাতা: রবিবার ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল আনন্দপুরের একটি মোমো তৈরির কারখানা। নাজিরাবাদ রোডে অবস্থিত ওই কারখানায় আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চললেও, ঘটনার পর থেকে খোঁজ মিলছে না কারখানার তিন নিরাপত্তাকর্মীর। তাঁদের ফোনও বন্ধ থাকায় ক্রমশ উদ্বেগ বাড়ছে।
আগুন নিয়ন্ত্রণে বাধা সরু গলি স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোররাতে আচমকাই দাউদাউ করে জ্বলতে দেখা যায় কারখানাটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। তবে কারখানাটি অত্যন্ত সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় আগুন নেভাতে কালঘাম ছুটছে দমকলকর্মীদের। স্থানীয়দের দাবি, দীর্ঘক্ষণ কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারখানার একটি বড় অংশ এবং ভিতরে থাকা বাইক ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে।
নিখোঁজ ৩ নিরাপত্তারক্ষী সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাতে কারখানার দায়িত্বে থাকা তিন নিরাপত্তাকর্মীর নিরাপত্তা। তাঁদের পরিবারের অভিযোগ, অগ্নিকাণ্ডের পর থেকেই ওই তিনজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁদের ফোন সুইচড অফ। আগুনের গ্রাসে তাঁরা কারখানার ভিতরে আটকে পড়েছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ও দমকল নিখোঁজ কর্মীদের খোঁজ চালাচ্ছে।
দাহ্য পদার্থে বিপত্তি দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে কারখানার ভিতরে প্রচুর পরিমাণে পাম তেল এবং অন্যান্য দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়ঙ্কর আকার ধারণ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।