কলকাতা: ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কলকাতার লাইফলাইন মেট্রো রেলের জন্য বরাদ্দ নিয়ে মিশ্র ছবি ধরা পড়ল। গত বাজেটের তুলনায় বিমানবন্দর-নিউ গড়িয়া (অরেঞ্জ লাইন) এবং জোকা-মাঝেরহাট (পার্পল লাইন) প্রকল্পের বরাদ্দে কাটছাঁট করা হয়েছে। তবে কিছুটা স্বস্তি দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনের বরাদ্দে সামান্য বাড়িয়েছে কেন্দ্র।
রেল বাজেটের তথ্য অনুযায়ী, বহুল প্রতীক্ষিত অরেঞ্জ লাইনের (দমদম বিমানবন্দর থেকে নিউ গড়িয়া) জন্য এবার ৭০৫.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, গত বাজেটে এই লাইনের জন্য বরাদ্দের পরিমাণ ছিল ৭২০.৭২ কোটি টাকা। অন্যদিকে, পার্পল লাইনের (জোকা-মাঝেরহাট) বরাদ্দ ৯১৪ কোটি টাকা থেকে কমিয়ে ৯০৬.৬০ কোটি টাকা করা হয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ লাইনের বরাদ্দ কমে যাওয়ায় নির্মাণকাজে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে বরাদ্দের ক্ষেত্রে কিছুটা ‘লাভ’ হয়েছে গ্রিন লাইনের। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বিস্তৃত এই লাইনের জন্য গত বছরের ৫০০ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে এবার ৫২৯ কোটি টাকা করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, এই অতিরিক্ত অর্থ প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে সহায়ক হবে।
অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বিস্তৃত পুরনো মেট্রো পথ বা ব্লু লাইনের জন্য কেন্দ্রীয় বাজেটে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। মেট্রো সূত্রে দাবি করা হয়েছে, এই লাইনের নতুন কোনো নির্মাণকাজ বাকি না থাকায় মূলধনী বরাদ্দের প্রয়োজন নেই। নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের নিজস্ব সংগৃহীত তহবিল থেকেই মেটাবে। সব মিলিয়ে, সম্প্রসারণাধীন প্রকল্পগুলোর বরাদ্দ কমানো হলেও গ্রিন লাইনের গতি বাড়িয়েই ভারসাম্য রক্ষার চেষ্টা করল রেল মন্ত্রক।