কলকাতা: সরস্বতী পুজো মিটতেই রাজ্যে ফের শীতের আমেজ। মাঘের শুরুতে উধাও হয়ে যাওয়া ঠান্ডা যেন আচমকাই ফিরে এল সপ্তাহান্তে। শুক্রবারের পর শনিবার আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আচমকা এই পারদ পতন দেখে আবহাওয়াবিদদের একাংশের অনুমান, রাজ্যে শীতের দ্বিতীয় ইনিংস শুরু হলেও হতে পারে।
কলকাতার আবহাওয়া শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা আরও কমেছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার কমে ১৪.১ ডিগ্রিতে দাঁড়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আকাশ মেঘমুক্ত থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে হালকা কুয়াশার দাপট বজায় থাকবে।
জেলায় জেলায় হাড়কাঁপানো ঠান্ডা শুধু কলকাতা নয়, জেলাতেও জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। শনিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল নদিয়ার কল্যাণী। সেখানে তাপমাত্রা নেমে গিয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের সমতল এলাকার মধ্যে সর্বনিম্ন। এছাড়া বাঁকুড়া (১১), শ্রীনিকেতন (১১.৫), বহরমপুর (১১.৬) এবং ক্যানিংয়ে (১১) ভালোই ঠান্ডা অনুভূত হয়েছে।
কুয়াশার হলুদ সতর্কতা শীতের সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। উত্তরবঙ্গের চার জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। সেখানে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি ৫০ মিটারে নেমে যেতে পারে বলে আশঙ্কা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, দৃশ্যমানতা থাকবে ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ছয় দিন রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে সকালের দিকে শীতের আমেজ পুরোদমে বজায় থাকবে।