মধ্যবিত্ত পরিবারের সংসার খরচের চাপ আরও বাড়িয়ে ফের বৃদ্ধি পেল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। শনিবার মধ্যরাত থেকে ১৪.২ কেজি ওজনের গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ২৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রবিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।
নতুন মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৬৮ টাকা। মাত্র তিন মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো গৃহস্থালির গ্যাসের মূল্যবৃদ্ধি। এর আগে গত ৭ মার্চ প্রতি সিলিন্ডারে ৬০ টাকা দাম বাড়ানো হয়েছিল।
অন্যদিকে, স্বস্তির খবর হল, ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম রয়েছে ৩২৫৫ টাকা ৫০ পয়সা।
বিশেষজ্ঞদের একাংশের মতে, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতির প্রভাব সরাসরি পড়ছে ভারতের জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে LPG-র মূল্যবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপের কারণে দেশেও রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিকবার বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। শেষবার ৩১ মে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল। তবে গৃহস্থালির গ্যাসের দাম এতদিন স্থিতিশীল থাকলেও এবার সেই ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির ধাক্কা এল।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে আগামী দিনেও গ্যাসের দামে আরও পরিবর্তন হতে পারে। ফলে রান্নার গ্যাস, পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।