প্রথম পাতা খবর কমিশনের খাতায় ‘মৃত’দের নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক! ২ ফেব্রুয়ারি হাইভোল্টেজ বৈঠক নির্বাচন সদনে

কমিশনের খাতায় ‘মৃত’দের নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক! ২ ফেব্রুয়ারি হাইভোল্টেজ বৈঠক নির্বাচন সদনে

28 views
A+A-
Reset

কলকাতা: অবশেষে রাজ্যের ‘এসআইআর’ (SIR) আতঙ্ক এবং ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে তৃণমূলের দাবি মানল নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলের প্রতিনিধিদলকে দিল্লিতে তলব করেছে কমিশন। নবান্ন সূত্রে খবর, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এই সময় নির্ধারণের কথা জানানো হয়েছে। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এক প্রতিনিধিদল নিয়ে রাজধানী পাড়ি দেবেন।

গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই শাসকদল সরব। তৃণমূলের অভিযোগ, সুপরিকল্পিত ভাবে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় শাসকদল বিজেপির সঙ্গে সমঝোতা করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। এমনকি এই প্রক্রিয়ার জেরে তৈরি হওয়া ‘আতঙ্কে’ রাজ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি তৃণমূলের। সেই সব মৃত ব্যক্তির পরিবারের সদস্যদেরও দিল্লি নিয়ে যেতে পারেন মমতা।

উল্লেখ্য, বুধবারই সিঙ্গুরের সভা সেরে দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের আকস্মিক মৃত্যু এবং কলকাতার আনন্দপুরে অগ্নিকাণ্ডের জেরে সফর পিছিয়ে যায়। এর মধ্যেই বিকেলে কমিশন সাক্ষাতের সময় দেওয়ায় দিল্লি অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করেছে তৃণমূল। ১৫ জনের এই প্রতিনিধিদলে থাকবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। চমকপ্রদ ভাবে, কমিশনের খাতায় যাঁদের ‘মৃত’ দেখানো হয়েছে অথচ বাস্তবে যাঁরা জীবিত, তাঁদের কয়েকজনকে নির্বাচন সদনে সশরীরে হাজির করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিন ধরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এসআইআর-এর গলদ নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনো উত্তর না মেলায় তিনি দিল্লি গিয়ে সরাসরি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন। রাজনৈতিক মহলের মতে, ২ ফেব্রুয়ারির এই বৈঠক পশ্চিমবঙ্গের আসন্ন ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.