প্রথম পাতা খবর বারুইপুরকাণ্ডে ন্যায়ের দাবিতে মমতার মোমবাতি মিছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখর কালীঘাট-হাজরা

বারুইপুরকাণ্ডে ন্যায়ের দাবিতে মমতার মোমবাতি মিছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখর কালীঘাট-হাজরা

7 views
A+A-
Reset

বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোমবার পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যায়ের দাবিতে কালীঘাট থেকে হাজরা মোড় পর্যন্ত মোমবাতি মিছিল করেন তিনি। মিছিল জুড়ে শোনা যায়, ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘জাস্টিস ফর বারুইপুর’ স্লোগান।

সোমবার বিকেলে প্রথমে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিজের বাড়ির সামনে থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে পুলিশ মিছিলকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মধ্যেই আটকে দেওয়ার চেষ্টা করলেও, পরে গার্ডরেল সরিয়ে মিছিল কালীঘাট রোড হয়ে হাজরা মোড়ের দিকে এগিয়ে যায়। মমতার সঙ্গে ছিলেন তাঁর অনুগামী ও তৃণমূল কর্মী-সমর্থকেরা।

বিকেলের ব্যস্ত সময়ে মিছিলের কারণে হাজরা মোড় এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। তবে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও, মিছিল আটকাতে পুলিশকে কোনও ধরনের বলপ্রয়োগ করতে দেখা যায়নি।

উল্লেখ্য, এ দিন সকালেই বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যায় মমতাপন্থী তৃণমূলের একটি প্রতিনিধি দল। তার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় ন্যায়ের দাবিতে মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। মমতাপন্থী তৃণমূলের পক্ষ থেকে তাঁকে ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগ তোলা হলেও, মিছিল চলাকালীন পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপির একাংশ। তাঁদের দাবি, যদি গৃহবন্দি করা হয়ে থাকে, তবে কীভাবে মিছিল নির্বিঘ্নে সম্পন্ন হল, তার ব্যাখ্যা দেওয়া উচিত।

বারুইপুরের নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং এখনও পর্যন্ত একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.