প্রথম পাতা খবর কাউন্সিলরদের ভয় দেখিয়ে গ্রেফতার করা হচ্ছে, ক্ষোভ মমতার; আইনি লড়াইয়ে ৫ সদস্যের কমিটি

কাউন্সিলরদের ভয় দেখিয়ে গ্রেফতার করা হচ্ছে, ক্ষোভ মমতার; আইনি লড়াইয়ে ৫ সদস্যের কমিটি

10 views
A+A-
Reset

রাজ্যের বিভিন্ন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের ভয়-ভীতি প্রদর্শন এবং অনৈতিক ভাবে গ্রেফতারের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কালীঘাটের বাড়িতে দমদম লোকসভা সাংগঠনিক জেলার অন্তর্গত বিভিন্ন পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দমদম জেলা তৃণমূলের সভাপতি তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র-সহ দলের একাধিক শীর্ষ নেতা।

বৈঠকে দলনেত্রী অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের হুমকি দেওয়া হচ্ছে এবং পুরনো ঘটনাকে সামনে এনে তাঁদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারির ঘটনা ঘটছে। তিনি বলেন, “২০২১ সালের এমন কিছু ঘটনাকেও সামনে আনা হচ্ছে যেখানে কোনও অপরাধই হয়নি। তবুও কাউন্সিলরদের টেনে এনে গ্রেফতার করা হচ্ছে।”

দক্ষিণ দমদমের এক কাউন্সিলরের আত্মঘাতী হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে মমতা জানান, এই পরিস্থিতির বিরুদ্ধে কাউন্সিলরদের একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের মনোবল শক্ত রাখার বার্তাও দেন।

আইনি লড়াইকে আরও সংগঠিত করতে তৃণমূল সুপ্রিমো পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছেন। এই কমিটিতে রয়েছেন মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, তাপস চ্যাটার্জি এবং সব্যসাচী দত্ত। কাউন্সিলরদের আইনি সমস্যা বা পরামর্শের জন্য এই কমিটির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে খবর, প্রবীণ আইনজীবী কল্যাণ ব্যানার্জি-সহ আইনজীবী নেতাদের সঙ্গে সমন্বয় রেখে থানায় অভিযোগ দায়ের এবং মামলা পরিচালনার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

সম্প্রতি উত্তর ২৪ পরগনার গারুলিয়া, হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি ও উত্তর ব্যারাকপুরের মতো একাধিক পুরসভায় কাউন্সিলরদের দলত্যাগ এবং পদত্যাগের ঘটনা রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। এই আবহেই দমদম এলাকার কাউন্সিলরদের নিয়ে মমতার বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দলবদল প্রসঙ্গে মমতা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “সুখের সময়ে অনেকেই সঙ্গে থাকেন। এখন দেখছি অনেকেই চলে যাচ্ছেন। কাউকে আমি জোর করে আটকাব না। যাঁদের ইচ্ছে তাঁরা যেতে পারেন। কিন্তু যাঁরা দলের সঙ্গে থাকবেন, তাঁদের নিয়েই নতুন করে সংগঠন গড়ে তোলা হবে।”

একই সঙ্গে বিভিন্ন এলাকায় নোটিস ছাড়াই বুলডোজ়ার চালানোর অভিযোগেও সরব হন তিনি। কলকাতা ও হাওড়া-সহ বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন দলীয় নেতৃত্বকে।

বৈঠকের শেষে কাউন্সিলরদের উদ্দেশে মমতা বলেন, “পুরসভায় কাউন্সিলরেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিজেদের উপর এবং আমার উপর আস্থা রাখুন। আমরা আবার ঘুরে দাঁড়াবই। ভয় না পেয়ে সংগঠনকে শক্তিশালী করতে একজোট হয়ে লড়াই করুন।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.