ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই এবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না কর্মসূচিতে বসবেন তিনি। দুপুর ২টো থেকেই শুরু হওয়ার কথা এই ধর্না।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, এসআইআর প্রক্রিয়ার নামে হয়রানি এবং শুনানি থেকে সিদ্ধান্তের পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিবাদেই এবার সরাসরি আন্দোলনের পথে হাঁটছেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধর্না কর্মসূচি এক অর্থে কুড়ি বছর আগের আন্দোলনের স্মৃতিকেই আবার সামনে এনে দিচ্ছে। ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলেই টানা ২৬ দিন অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী এবং রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার।
সেই অনশন আন্দোলন জাতীয় রাজনীতিতেও ব্যাপক সাড়া ফেলেছিল এবং প্রবল চাপের মুখে পড়তে হয়েছিল তৎকালীন বাম সরকারকে। এবারও একই জায়গাকে আন্দোলনের মঞ্চ হিসেবে বেছে নেওয়ায় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা দেখছেন অনেকেই।
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। পরে আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং উষ্ণতার ছোঁয়া মিলছে।
শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলেই এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে।
উত্তরবঙ্গেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।