কলকাতা: নজিরবিহীন পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি রাজস্ব সচিব, মুখ্যসচিবকে তাঁর পারিবারিক সম্পত্তি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন তিনি।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “বলা হচ্ছে সরকারের জমি দখল করে বসে আছি। আমার বাসস্থান রানি রাসমণির সম্পত্তি। আমি সেখানেই ঠিকা প্রজা হিসাবে থাকি। নিজেদের জমি নেই। ভূমি রাজস্ব সচিব, মুখ্যসচিবকে বলেছি তদন্ত করতে। আমার পরিবারের সম্পত্তি নিয়ে তদন্ত করা হোক। জমি দখল হলে ভেঙে দিতে বলেছি। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন। কারও অনুমতি নিতে হবে না”।
তিনি আরও বলেন, “সমাজসেবা করার জন্য রাজনীতিতে এসেছি। এ রকম নোংরা রাজনীতি দেখলে আগেই রাজনীতি ছেড়ে দিতাম। এ রকম নিকৃষ্ট জানলে রাজনীতিতে আসতাম না। ভাবেন স্বার্থের জন্য বসে থাকি? আগেও পদ ছেড়ে দিয়েছি। একদিনের মধ্যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলাম। আমি তো চিরকাল বাঁচব না। তবে জেনে শুনে কোনো অন্যায় করিনি”।
একই সঙ্গে আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “এই ধরনের ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি পছন্দ করি না আমি। কুৎসা, অসত্য, অকথ্য ভাষায় কথা বলা, মানুষকে সম্মান না দেওয়া, ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি শুরু হয়েছে। বলছে টাকা না দিলে পোল খুলব! পোল কী! ভাষাটাই আমার জানা নেই”।