ছাব্বিশের বিধানসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই কেন্দ্রকে ঘিরে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনার মাঝেই প্রচারে এসে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার পানিহাটির উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী। সভার মঞ্চ থেকেই কাউন্সিলর ও পুরপ্রতিনিধিদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন তিনি—দল করতে হলে বেআইনি দখলদারি বা সবুজ ধ্বংস বরদাস্ত করা হবে না।
মমতার কথায়, “কাউন্সিলর, চেয়ারম্যানরা শুনে রাখুন—মাঠ দখল করা চলবে না, বেআইনি নির্মাণ চলবে না। আমি সব জায়গার খবর রাখি। কোথাও যদি এমন কিছু হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি ইঙ্গিত করেন সোদপুরের অমরাবতী এলাকার সেই বিতর্কিত ঘটনার দিকে, যেখানে একটি মাঠ দখল করে নির্মাণের অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী জানান, সেই খবর তাঁর কাছে পৌঁছতেই দ্রুত পদক্ষেপ করা হয় এবং নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে ওই ঘটনার জেরে পানিহাটি পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং পরে চেয়ারম্যান বদলও করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ এখনও সেই ঘটনার প্রভাব ভুলতে পারেননি বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এই প্রেক্ষাপটে ভোটের আগে সবুজ রক্ষা এবং বেআইনি দখলদারি রুখতে কড়া অবস্থান নেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, “তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে, দখলদারি নয়।” পানিহাটির এই বার্তা যে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।