প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়-এর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য রাজনীতিতে। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দীর্ঘ বার্তায় মুকুলের সঙ্গে রাজনৈতিক সংগ্রামের স্মৃতি তুলে ধরেছেন তিনি।
মমতা লেখেন, “প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।
প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।”
মুকুলের পুত্র শুভ্রাংশুকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী লেখেন, “মন শক্ত করো, এই সংকটে আমরা তোমার সঙ্গে আছি।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও শোকবার্তা দিয়েছেন। তিনি লেখেন, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজের সেবায় তাঁর প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওঁ শান্তি।”
বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ নামে পরিচিত মুকুল রায়ের প্রয়াণে দলমত নির্বিশেষে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।