নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকী বহু নাম এখনও ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে মতুয়া সমাজের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। অনেকের মধ্যে দেশছাড়া হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এরই মধ্যে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে মতুয়া ধর্ম মহামেলা। কিন্তু ভোটার তালিকা বিতর্কের জেরে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষই সেই মেলা থেকে মুখ ঘোরাচ্ছেন বলে জানা যাচ্ছে। তাঁদের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, ভবিষ্যতে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কি না সেই আশঙ্কাও তাড়া করছে। এই পরিস্থিতিতে মেলায় যাওয়ার মানসিকতা নেই বলেই জানিয়েছেন অনেকে।
শনিবার ভোটমুখী বাংলায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেই সভা থেকেও এই ইস্যুতে কোনও বড় ঘোষণা না হওয়ায় আরও হতাশ মতুয়া সম্প্রদায়ের একাংশ। অনেকেই জানিয়েছেন, মেলায় গেলেও এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইবেন তাঁরা।
এদিকে মতুয়া ধর্ম মহামেলাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে গাইঘাটার ঠাকুরনগরে। মতুয়া ঠাকুরবাড়ি সেজে উঠেছে। মেলার মাঠে দোকানপাট বসতে শুরু করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
এবারের মেলার একটি বিশেষ দিক হল, ঠাকুরনগরের তিনটি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একসঙ্গে এই ধর্ম মহামেলার আয়োজন করছে। মেলা উপলক্ষে তিনটি সংগঠনের পক্ষ থেকে একত্রে লাল নিশানা উত্তোলন করা হয়েছে। এতে স্থানীয় মতুয়া সম্প্রদায়ের মানুষ খুশি হলেও ভোটার তালিকায় নাম বাদ পড়ার অভিযোগে সেই আনন্দে ছায়া পড়েছে।
একদিকে মেলার প্রস্তুতি, অন্যদিকে ভোটার তালিকা নিয়ে উদ্বেগ—এই দুই পরিস্থিতির মধ্যে মতুয়া সমাজের একাংশ এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।