স্থিতিশীল রয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
চিকিৎসক সৌতিক পন্ডারের তত্ত্বাবধানে মীরার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেটের ডান দিকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সিটি স্ক্যানের পর দেখা যায়, ডান দিকে কোনও সমস্যা নেই। তবে পেটের বাম দিকে পুরু আস্তরণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বর্তমানে তাঁর পেটের ব্যথা অনেকটাই কমেছে। স্বাভাবিক ভাবেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন তিনি। সোমবার রুটিনমাফিক তাঁর রক্ত পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট-সহ অন্যান্য শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে মঙ্গলবার তাঁকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকেরা।
মীরার চিকিৎসার জন্য কার্ডিওলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট-সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মীরার সন্তান সুচেতন ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর মায়ের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। তাঁর কথায়, ‘‘মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ক্রমশ। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসকেরা ছুটি দিয়ে দেবেন।’’