কলকাতা: হাইভোল্টেজ লড়াইয়ের কেন্দ্র নন্দীগ্রাম। বাংলার ভোট রাজনীতিতে এই কেন্দ্র বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিজেপি আগেই নন্দীগ্রামে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠছিল, শাসকদল তৃণমূল কাকে তাঁর বিরুদ্ধে দাঁড় করাবে।
সেই জল্পনার অবসান ঘটিয়ে চমক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হল পবিত্র করের নাম। ভূমিপুত্র এই নেতাকে প্রার্থী করা তৃণমূলের বড় কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
পবিত্র কর সাংগঠনিক দক্ষতার জন্য এলাকায় পরিচিত মুখ। বিশেষ করে নন্দীগ্রামের বয়াল অঞ্চলে তাঁর সংগঠনের দখল অত্যন্ত মজবুত। গত বিধানসভা নির্বাচনের সময় বয়াল এলাকায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভোট কৌশলের অন্যতম কারিগর ছিলেন তিনি।
রাজনৈতিক মহলে ‘সাইলেন্ট কিলার’ নামেও পরিচিত পবিত্র কর। ২০১৮ সালে তিনি বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। ২০২৩ সালে তাঁর স্ত্রী বিজেপির টিকিটে জিতে একই পঞ্চায়েতের প্রধান হন।
নন্দীগ্রাম বিধানসভা এলাকা দুটি ব্লক নিয়ে গঠিত, যার মধ্যে নন্দীগ্রাম ২ ব্লকে বিজেপির প্রভাব বেশি। আর এই ব্লকেরই বাসিন্দা পবিত্র কর। ফলে স্থানীয় সমীকরণে তাঁর প্রার্থিতা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তামলুক সাংগঠনিক জেলা বিজেপির গুরুত্বপূর্ণ পদে থাকার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাঁর প্রার্থিতা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করে নন্দীগ্রামে তাঁকেই প্রার্থী করল তৃণমূল। এখন নজর নন্দীগ্রামের এই হাইভোল্টেজ লড়াইয়ে—শুভেন্দু বনাম পবিত্র, কার দখলে যাবে বাংলার সবচেয়ে চর্চিত এই কেন্দ্র।