প্রথম পাতা খবর মানিরাং শৃঙ্গ অভিযানে সাফল্য নীলকন্ঠ অভিযাত্রী সংঘের

মানিরাং শৃঙ্গ অভিযানে সাফল্য নীলকন্ঠ অভিযাত্রী সংঘের

4 views
A+A-
Reset

সুজিত চক্রবর্তী

পানিহাটি: পর্বতারোহণে নতুন সাফল্য পেল পানিহাটির ‘নীলকন্ঠ অভিযাত্রী সংঘ’। স্পিতি ভ্যালির দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত মাউন্ট মানিরাং-এর দক্ষিণ-পূর্ব শীর্ষে পৌঁছতে সক্ষম হলেন অভিযাত্রী দলের তিন সদস্য। অভিযানে অংশ নেওয়া চারজনের মধ্যে একজন প্রায় ৬৩০০ মিটার উচ্চতায় পৌঁছে নিজের যাত্রা থামিয়ে দেন।

গত ১৫ আগস্ট হাওড়া স্টেশন থেকে চণ্ডীগড়, মানালি ও কাজা হয়ে মানে গ্রামের উদ্দেশে রওনা হন নীলকন্ঠ অভিযাত্রী সংঘের ন’জন সদস্য—অমিত ভট্টাচার্য, সন্দীপ বোস, অনিকেত সামন্ত, স্বপ্নিল চক্রবর্তী, মৌসুমী পাল, প্রণয় কুমার চন্দ, পূর্তি সাকুজা, সৌভিক সরকার ও সৌম্যদীপ ব্যানার্জী। দলের অধিকাংশ সদস্যই ছিলেন নতুন।

এরপর মানে গ্রাম থেকে শুরু হয় মূল অভিযান। গত ২৮ আগস্ট রাত ১২টায় সন্দীপ বোস, অনিকেত সামন্ত, স্বপ্নিল চক্রবর্তী ও মৌসুমী পাল সামিট ক্যাম্প থেকে সামিট মার্চ শুরু করেন। প্রায় ৬৪০০ মিটার উচ্চতার মাউন্ট মানিরাং-এর দক্ষিণ-পূর্ব শীর্ষে পৌঁছনোর লক্ষ্যে এগিয়ে যান তাঁরা।

অভিযানের পথে প্রায় ৬৩০০ মিটার উচ্চতায় পৌঁছনোর পর দলের এক সদস্য ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে বাকি তিন অভিযাত্রী প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যান এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন। পরে বিকেল ৫টার মধ্যে তাঁরা সামিট ক্যাম্পে ফিরে আসেন।

অভিযান শেষে কলকাতায় ফিরে আসে গোটা দল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে অংশ নেওয়া ন’জন সদস্যই সুস্থ রয়েছেন। অধিকাংশ নতুন সদস্যকে নিয়ে এমন কঠিন উচ্চতার অভিযানে সাফল্য নীলকন্ঠ অভিযাত্রী সংঘের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.