প্রথম পাতা খবর মোদীর সফরে কলকাতায় কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার বিকেল থেকে একাধিক রাস্তায় বিধিনিষেধ

মোদীর সফরে কলকাতায় কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার বিকেল থেকে একাধিক রাস্তায় বিধিনিষেধ

8 views
A+A-
Reset

কলকাতা: দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি কলকাতায় আসবেন। রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডের কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাঁর সফরকে কেন্দ্র করে কলকাতা জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণের ঘোষণা করেছে পুলিশ।

শুক্রবার কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, শনিবার বিকেল থেকেই শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ কার্যকর হবে। বিশেষ করে মালবাহী যানবাহনের চলাচলে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীন এলাকায় অধিকাংশ মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, সবজি, ফল, মাছ, দুধ ও ওষুধবাহী যানবাহনকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

এছাড়া রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্তও একই ধরনের নিয়ন্ত্রণ বলবৎ থাকবে। এই সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হতে পারে। পার্কিং ব্যবস্থার উপরেও বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ অনুযায়ী, শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময় ওই এলাকায় কোনও ধরনের যান চলাচল করতে দেওয়া হবে না।

রবিবার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। সেই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কয়েক হাজার মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এই সংক্রান্ত ট্র্যাফিক নির্দেশিকা জারি করেছেন। নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.