রাজ্য রাজনীতিতে ফের বড় চমক। একসময় বাম শিবিরের হয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব থাকা প্রতীক উর রহমানকেই এবার দলের মুখপাত্র পদে নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
মাস দেড়েক আগেও মিটিং-মিছিল থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতেন প্রতীক উর। তাঁর ঝাঁজালো বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা শোনা যেত। এমনকি সরকার ভেঙে দেওয়ার দাবিতেও সরব হয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক সমীকরণ। এখন সেই প্রতীকই তৃণমূলের হয়ে দলের উন্নয়নমূলক কাজ মানুষের সামনে তুলে ধরবেন।
২০০৮ সালের দিকে সরাসরি বাম রাজনীতিতে যুক্ত হন প্রতীক উর রহমান। বামেদের উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। বিশেষ করে কঠিন সময়েও দলের পতাকা হাতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সিপিএমের তরুণ মুখ হিসেবে দ্রুত উঠে আসেন এবং একাধিক আন্দোলনে প্রথম সারিতে দেখা গিয়েছে তাঁকে।
দলের তরফেও তাঁকে গুরুত্ব দেওয়া হয়েছিল—বিভিন্ন নির্বাচনে প্রার্থী করা থেকে শুরু করে জেলা ও রাজ্য কমিটিতেও জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে সিপিএম ছাড়েন প্রতীক উর রহমান। এরপরই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে। যদিও তা হয়নি। তবে তার মধ্যেই তাঁকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হল। দলীয় সূত্রে জানা যাচ্ছে, নিয়মিত সাংবাদিক বৈঠক নয়, বরং বিভিন্ন ইস্যুতে তৃণমূলের হয়ে যুক্তি তুলে ধরবেন প্রতীক উর রহমান। তাঁর এই নতুন ভূমিকাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।