কলকাতা: বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং সামরিক প্রদর্শনী। সোমবার সকালে রেড রোডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ৭৭তম সাধারণতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহেই সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশবাসীকে ‘সতর্ক’ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
রেড রোডের আকর্ষণ
এবারের কুচকাওয়াজে অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় সেনার ‘ভৈরব ব্যাটালিয়ন’। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যকে সম্মান জানিয়ে প্রদর্শন করা হয় সেনার অত্যাধুনিক রকেট লঞ্চার সিস্টেম ‘সূর্যাস্ত্র’। পাশাপাশি কলকাতা পুলিশের সার্জেন্টদের বাইক র্যালি এবং বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অনুষ্ঠান মুগ্ধ করে দর্শকদের।
মমতার সতর্কবার্তা
অনুষ্ঠানের আগেই সোশ্যাল মিডিয়া এক্সে (X) দেশবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি লেখেন, ‘‘আজ আমার এক পুরোনো প্রবাদ মনে পড়ছে— চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূলমন্ত্র। সাধারণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে আজ সমষ্টিগত সতর্কতাই সবচেয়ে বেশি প্রয়োজন।’’ তিনি মনে করিয়ে দেন, দেশের সংবিধানের মূল ভিত্তি— ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার সময় এসেছে।
ইতিহাস বদলানোর অভিযোগ
দিন তিনেক আগেই রেড রোডে নেতাজির জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, দেশের ইতিহাস ও সংবিধান বদলে দেওয়ার চেষ্টা চলছে। তুলে দেওয়া হয়েছে যোজনা কমিশন। এদিন সাধারণতন্ত্র দিবসেও সেই সুর বজায় রেখে বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতির পক্ষে সওয়াল করেন তিনি।
সরব অভিষেকও
মমতার সুরেই সংবিধান রক্ষার ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘বিচার, স্বাধীনতা, সাম্য— এগুলি কেবল শব্দ নয়, এগুলি অর্জিত প্রতিশ্রুতি। আজ সংবিধানের ওপর আঘাত আসছে। বিভিন্ন সম্প্রদায়কে প্রান্তিক করে দেওয়া হচ্ছে। খাদ্য, ভাষা ও মতপ্রকাশের ওপর বিধিনিষেধ চাপানো হচ্ছে।’’ এই পরিস্থিতিতে দাঁড়িয়েই সংবিধান রক্ষার সংকল্প নেওয়ার আহ্বান জানান অভিষেক।