ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ১৩ এপ্রিল বিকেল ৩টেয় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।শুনানিতে প্রধান বিচারপতি জানান, নির্বাচন কমিশন চাইলে আজ রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারে। পাশাপাশি, শুধুমাত্র ডিজিটাল সিগনেচার আপলোডের জন্য পোর্টাল ৭ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে।আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নন্দলাল বসুর নাতি-নাতনিদের করা আপিলে কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। একই সঙ্গে অফলাইনে আপিল জমা দিলে জেলাশাসকের দফতর থেকে রসিদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, আপিল ট্রাইবুনালগুলি বিচারকদের দেওয়া কারণ-সহ সমস্ত নথি খতিয়ে দেখে নিজেদের প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে। তবে ১৯টি আপিল ট্রাইবুনালের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।এই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট-এর প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, তিন জন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করতে। এই কমিটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করবে, যা সব ট্রাইবুনালের জন্য বাধ্যতামূলক হবে। আদালত আশা করছে, খুব দ্রুতই এই প্রক্রিয়া চূড়ান্ত হবে, যাতে আপিলগুলির নিষ্পত্তি ত্বরান্বিত করা যায়।এছাড়া, আপিল শুধুমাত্র কলকাতায় দাখিল করা হবে, নাকি অন্য জায়গাতেও জমা দেওয়া যাবে—সে বিষয়েও কমিটিকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী জানান, সাংবিধানিক অধিকার রক্ষার বিষয়টি মাথায় রেখেই ট্রাইবুনালগুলি কাজ করবে।এদিকে, হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের পাঠানো চিঠির উল্লেখ করে সুপ্রিম কোর্টে জানানো হয়, সোমবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫৯ লক্ষ ১৫ হাজার বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ ও মালদহে সমস্ত নামের নিষ্পত্তিও সম্পূর্ণ হয়েছে বলে আদালতে জানানো হয়েছে।প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, এই দুই জেলায় প্রায় ৮ লক্ষ আপত্তি জমা পড়েছিল, কিন্তু কোনও কাজ বাকি রাখা হয়নি।তবে ট্রাইবুনালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে এদিনও। যদিও নাম বাদ সংক্রান্ত বিষয়ে ট্রাইবুনালের উপর আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, প্রয়োজন হলে ট্রাইবুনাল মাধ্যমিকের নথিও খতিয়ে দেখতে পারবে।সব মিলিয়ে, এসআইআর মামলায় দ্রুত ও স্বচ্ছ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিয়েছে।