ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন মৃত্যু ঘিরে বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর, এসআইআরের সময়ে প্রাণ হারানো ৬১ জনের পরিবারকে সরকারি চাকরি দেওয়া হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি।
পরিবার পিছু একজন সদস্য এই চাকরি পাবেন। তবে কোন দপ্তরে নিয়োগ হবে এবং কবে নিয়োগপত্র দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি প্রশাসনিক স্তরে আলোচনায় রয়েছে।
গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ ছিল ব্যাপক। বিএলও, ইআরও ও ডিআরও-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের উপর দায়িত্ব ছিল বিপুল।
শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অতিরিক্ত চাপ ও অপরিকল্পিত ব্যবস্থার জেরে একাধিক মৃত্যু ঘটেছে। শুধু সরকারি কর্মী নন, সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। নথি সংক্রান্ত জটিলতা ও শুনানির নোটিস নিয়ে উদ্বেগ তৈরি হয়।
সরকারি সূত্রে দাবি, কর্মসূত্রে অকালমৃত্যু হওয়া আধিকারিকদের পরিবার আর্থিক সংকটে পড়েছে। সেই কারণেই তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা। তার আগেই এই মানবিক সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।