ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি আরও বাড়ল বলে অভিযোগ। এবার শুনানিতে নথি হিসেবে আর গণ্য হবে না মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। বৃহস্পতিবার এই মর্মে নতুন নির্দেশিকা জারি করেছে Election Commission of India। দিল্লি থেকে রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল-কে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের তরফে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এসআইআর শুনানিতে ডাকা বহু ভোটার ইতিমধ্যে তাঁদের মাধ্যমিক বা দশম শ্রেণির অ্যাডমিট কার্ড প্রামাণ্য নথি হিসেবে জমা দিয়েছেন। অনেক ক্ষেত্রেই বিএলও-রা সেই নথি গ্রহণও করেছেন। ফলে নতুন নির্দেশিকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—যাঁরা আগেই এই নথি জমা দিয়েছেন, তাঁদের কি ফের নতুন করে অন্য নথি দিতে হবে?
প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে এই সংশোধনের কাজ চলছে। নিয়ম অনুযায়ী, ওই তালিকায় নাম না থাকলে শুনানিতে গিয়ে উপযুক্ত নথি দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারেন ভোটাররা। কমিশন মোট ১৩টি নথির তালিকা নির্ধারণ করেছিল, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নাম ছিল না।
তবু এতদিন ধরে সেই নথি গ্রহণ করার পর হঠাৎ করে দিল্লি থেকে তা বাতিলের নির্দেশ আসায় বিভ্রান্তি ও ক্ষোভ বাড়ছে। নতুন নির্দেশিকা ঘিরে ফের প্রশ্নের মুখে পড়েছে এসআইআর প্রক্রিয়া এবং সাধারণ ভোটারদের ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের।