প্রথম পাতা খবর এসএসকেএমে গাছ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, আহত আরও ২

এসএসকেএমে গাছ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, আহত আরও ২

5 views
A+A-
Reset

এসএসকেএম হাসপাতাল চত্বরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বীরভূমের নলহাটি থেকে পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য এসএসকেএমে এসেছিলেন তিনি। সোমবার সকালে ইউরোলজি বিভাগের ওপিডির সামনে আচমকাই একটি গাছ ভেঙে পড়ে। তার নীচে চাপা পড়ে গুরুতর আহত হন রাহিদা। পরে ট্রমা কেয়ারে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাহিদার এক আত্মীয়া আকলিমা বিবি এসএসকেএমের ইউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন। তিনিও নলহাটির বাসিন্দা। তাঁর দেখাশোনার জন্যই রাহিদা হাসপাতালে এসেছিলেন।

ইউরোলজি বিভাগের বাইরে রোগীর পরিজনদের বসার জন্য একটি কংক্রিটের বেঞ্চ রয়েছে। সোমবার সকালে সেখানেই রাহিদা-সহ কয়েক জন বসেছিলেন। আচমকাই পাশের একটি গাছ ভেঙে বেঞ্চের উপর পড়ে যায়। ঘটনায় রাহিদা ছাড়াও আহত হন ৬৮ বছরের জিল্লার রহমান এবং ৭৬ বছরের শিস মহম্মদ শেখ। তাঁদের ট্রমা কেয়ারে চিকিৎসা চলছে।

এদিকে, হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সামনেও একটি কলাগাছ ভেঙে পড়ে এক জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, নিম্নচাপের প্রভাবে রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলছে। সেই আবহেই সোমবার এসএসকেএম হাসপাতাল চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে খবর, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। মৃতা রাহিদা বিবির দেহের ময়নাতদন্ত করা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.