আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।
মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে ইঙ্গিত দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার সময় ‘স্পেশাল রোল অবজারভার’ হিসেবে নিয়োগ করা হয়েছিল সুব্রত গুপ্তকে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাঁকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে বৈঠকে ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে ঘটে যাওয়া হিংসার ঘটনাগুলিও পর্যালোচনা করেছে নির্বাচন কমিশন। সেই সব ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তাঁদের তদারকি করা কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে কমিশন।
সূত্রের খবর, রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডেকে নির্দেশ দেওয়া হয়েছে ওই সব থানার অফিসার ইন চার্জ এবং তাঁদের সুপারভাইজিং অফিসারদের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কোনও বিভাগীয় তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে তার বিস্তারিত তথ্যও দিতে বলা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা এবং অতীতের ঘটনাগুলির পর্যালোচনা করেই নির্বাচন কমিশন এবার আগাম প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে।