মানহানির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-কে আইনি নোটিস পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। অভিযোগ, বিভিন্ন সভায় এবং সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্য করে তাঁর সম্মানহানি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
রাজীবের আইনজীবীর পাঠানো নোটিসে দাবি করা হয়েছে, কয়লাকাণ্ড ও গরুপাচার মামলার সঙ্গে প্রাক্তন পুলিশপ্রধানকে জুড়ে মন্তব্য করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে চরিত্রহননের উদ্দেশ্যেই এই বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ। সাত দিনের মধ্যে সমাজমাধ্যমে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
গত ৩০ জানুয়ারি নোটিস পাঠানো হলেও সুকান্তের দফতর সূত্রে জানা গিয়েছে, চিঠিটি বালুরঘাটের সাংসদ কার্যালয়ে পাঠানো হয়েছিল। তিনি বাইরে থাকায় দেরিতে হাতে পৌঁছয়। ইমেল মারফত পাঠানো হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
নোটিসে আরও দাবি করা হয়েছে, একটি মানহানিকর ভিডিয়ো বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে সুকান্তকে রাজীবের বিরুদ্ধে ‘মিথ্যা ও বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করতে দেখা যায়। এতে তাঁর পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে, চিঠির কথা প্রকাশ্যে আসতেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত। তিনি বলেন, “ওঁর যা ভাবমূর্তি, তা সবাই জানেন। আদালতের পর্যবেক্ষণও রয়েছে। উনি আইনি পথে লড়তে চাইলে আমরাও আইনি পথেই লড়ব।”
বিধানসভা নির্বাচনের মুখে এই আইনি তরজা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।