নিজস্ব প্রতিবেদন, দিল্লি: ভোটার তালিকায় নাম বিভ্রাট এবং এসআইআর (SIR) প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে সশরীরে উপস্থিত থেকে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তাঁর যুক্তিতে নাম বিভ্রাটের যে জটিলতা উঠে এসেছে, তার জন্য মমতাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। একইসঙ্গে এই বিভ্রান্তি দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহারের সমস্যার দিকটিও উল্লেখ করেছেন তিনি।
নাম ও পদবিতে বিভ্রান্তি: শুনানি চলাকালীন মমতার আইনজীবী শ্যাম দেওয়ান জানান, বাংলা থেকে ইংরেজি তর্জমার সময় অনেক পদবির বানান বদলে যাচ্ছে। যেমন— গাঙ্গুলি, রায় বা চ্যাটার্জি পদবির ক্ষেত্রে ইংরেজি বানানে অমিল থাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এর প্রেক্ষিতেই প্রধান বিচারপতি কান্ত বলেন, “স্থানীয় ভাষার সমস্যার জন্য এআই ব্যবহারে কিছু ত্রুটি হচ্ছে। তবে এই বিষয়টিকে মাথায় রেখে নিশ্চিত করতে হবে যেন কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়।”
মমতার বিস্ফোরক অভিযোগ: সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন। তিনি বলেন, “এসআইআর আসলে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। বিয়ের পর পদবি বদলে যাওয়া মহিলাদের নামও বাদ দেওয়া হচ্ছে।” মমতা আরও প্রশ্ন তোলেন, “২৪ বছর পর হঠাৎ তিন মাসের মধ্যে কেন এই কাজ শেষ করার তাড়াহুড়ো? কেন শুধু বাংলাকে নিশানা করা হচ্ছে? অসমে কেন এসআইআর হচ্ছে না?”
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ: মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি স্পষ্ট জানান, “এভাবে চলতে পারে না!” তিনি আশ্বস্ত করেছেন যে, এই সমস্যার একটি স্থায়ী সমাধানসূত্র খুঁজে বের করা হবে যাতে গরিব মানুষ বা স্থানান্তরিত ব্যক্তিদের ভোটাধিকার কেড়ে নেওয়া না হয়।