কলকাতা: টানা পড়ুয়াদের বিক্ষোভের জেরে অবশেষে পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল মহম্মদি তারান্নুম। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ঘেরাও হয়ে থাকার পর শুক্রবার পদত্যাগ করেন তিনি। তবে কলেজ থেকে বেরনোর সময় তাঁর দাবি, স্বেচ্ছায় নয়, পড়ুয়াদের চাপেই তাঁকে ইস্তফাপত্র লিখতে হয়েছে।
মহম্মদি তারান্নুমের অভিযোগ, রাতভর তাঁকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। এমনকি আলো-পাখাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে DPI, জয়েন্ট DPI, উচ্চশিক্ষামন্ত্রী এবং কলেজের প্রেসিডেন্ট কৌস্তভ বাগচীকে জানানো হলেও তাঁকে উদ্ধারে কেউ আসেননি। শেষ পর্যন্ত চাপ সামলাতে না পেরে পদত্যাগ করেছেন বলে দাবি তাঁর।
যদিও ভাইস প্রিন্সিপালের অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। তাঁদের দাবি, তিনি নিজের ইচ্ছাতেই পদত্যাগ করেছেন এবং তাঁকে কোনওরকম চাপ দেওয়া হয়নি। পড়ুয়াদের অভিযোগ, ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও পড়ুয়াদের হেনস্থার অভিযোগ রয়েছে। তাঁদের বক্তব্য, এমন কর্তৃপক্ষকে তাঁরা আর চান না।
ঘটনার সূত্রপাত বুধবার। উপস্থিতির হার কম থাকায় কয়েকজন পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে কলেজ কর্তৃপক্ষ জানায়। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। ভাইস প্রিন্সিপালের ঘরের ভিতরে ও বাইরে অবস্থানে বসেন কয়েকশো পড়ুয়া। তাঁদের দাবি ছিল, উপস্থিতির সমস্যার কারণে কোনও পড়ুয়াকে পরীক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় মুচিপাড়া থানার পুলিশ।
শুক্রবার সকাল থেকে আন্দোলনকারীদের মূল দাবি হয়ে ওঠে ভাইস প্রিন্সিপালের পদত্যাগ। ২৩ ঘণ্টা ঘেরাও থাকার পর তাঁর পদত্যাগের পরই বিক্ষোভের অবসান হয়।
এরপর কলেজ চত্বরে অন্যরকম ছবি দেখা যায়। এবিভিপির পতাকা ওড়ানো হয়। গঙ্গাজল দিয়ে কলেজ চত্বর ‘শুদ্ধিকরণ’ করা হয়। ধূপ-ধুনো জ্বালিয়ে উল্লাস করেন আন্দোলনকারীদের একাংশ।
ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তাঁকে জোর করে পদত্যাগ করানোর দাবি—দুইয়েরই সত্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। ঘটনাকে ঘিরে সুরেন্দ্রনাথ ল’ কলেজে তৈরি হয়েছে চাপানউতোর।
স্লাগ: surendranath-law-college-vice-principal-resigns
মেটা ডেসক্রিপশন: ২৩ ঘণ্টা ঘেরাওয়ের পর সুরেন্দ্রনাথ ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল মহম্মদি তারান্নুমের পদত্যাগ। ‘জোর করে ইস্তফা লিখিয়েছে’ দাবি তাঁর, অভিযোগ অস্বীকার পড়ুয়াদের।
ট্যাগ: সুরেন্দ্রনাথ ল কলেজ, Surendranath Law College, ভাইস প্রিন্সিপাল, মহম্মদি তারান্নুম, কলকাতা, ছাত্র বিক্ষোভ, কলেজ বিক্ষোভ, কলেজে ঘেরাও, পড়ুয়া আন্দোলন, মুচিপাড়া থানা, এবিভিপি, শিক্ষা, পশ্চিমবঙ্গ