কলকাতা: জোকা-বিবাদী বাগ (পার্পল লাইন) মেট্রো প্রকল্পের কাজে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল কলকাতা মেট্রো। প্রায় এক বছরের নিরবচ্ছিন্ন খননকাজের পর টানেল বোরিং মেশিন (TBM) ‘দুর্গা’ শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে পৌঁছে যায়। এর মাধ্যমে প্রায় ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খননের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ নির্মাণ শেষে কংক্রিটের দেওয়াল ভেদ করে বেরিয়ে আসে ‘দুর্গা’। এই মুহূর্তের সাক্ষী ছিলেন মেট্রোরেলের শীর্ষ আধিকারিকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের কনসাল জেনারেল, কলকাতা পুরসভার কমিশনার, হাওড়া পুলিশ কমিশনার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ১০ জুলাই খিদিরপুরের সেন্ট টমাস স্কুল চত্বরে তৈরি করা লঞ্চিং শ্যাফ্ট থেকে টিবিএম ‘দুর্গা’-র যাত্রা শুরু হয়েছিল। চেন্নাই থেকে আনা এই অত্যাধুনিক যন্ত্রটি টানা এক বছর ধরে মাটির নীচে খনন চালিয়ে অবশেষে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে পৌঁছেছে।
এখন দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবে আর একটি টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। এই মেশিন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ খননের দায়িত্ব নেবে।
জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের অংশ হিসেবে মোট পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ পথে চারটি স্টেশন তৈরি হচ্ছে। এগুলি হল খিদিরপুর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড।
২০১০ সালের দিকে এই প্রকল্পের কাজ শুরু হলেও জমি অধিগ্রহণ, গাছ কাটার অনুমতি এবং বিভিন্ন আইনি জটিলতার কারণে দীর্ঘদিন কাজ থমকে ছিল। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। গত বছর সেই জট কাটার পর থেকেই সুড়ঙ্গ নির্মাণের কাজ নতুন গতি পেয়েছে।
বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। বাকি অংশের কাজ দ্রুত শেষ করে সম্পূর্ণ রুটে পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে কলকাতা মেট্রো।