প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়ানে পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশে লেখা একটি কটাক্ষপূর্ণ চিঠি প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সমাজমাধ্যমে পোস্ট করা ওই চিঠির শিরোনাম—‘যে চিঠি নরেন্দ্র মোদী কোনও দিন লিখবেন না’।
চিঠিতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। দুর্গাপুজো নিয়ে ‘লোকদেখানো ভক্তি’ থেকে শুরু করে রাজ্যের আর্থিক বঞ্চনা—বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে শাসকদল। অভিযোগ, পশ্চিমবঙ্গের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল আটকে রাখা হয়েছে। মনরেগা, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা ও জল জীবন মিশনের মতো প্রকল্পের অর্থ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা এবং ‘ঘুসপেটিয়া’ তকমা দেওয়ার অভিযোগও রয়েছে চিঠিতে। সেখানে দাবি করা হয়েছে, ভাষার ভিত্তিতে মানুষকে চিহ্নিত করে নির্যাতন করা হচ্ছে।
চিঠিতে এসআইআর প্রসঙ্গ টেনে বলা হয়েছে, নির্বাচন কমিশনকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তাতে বহু মানুষের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে তৃণমূল।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুর-সহ বাঙালি মনীষীদের নিয়ে বিজেপির ভূমিকা নিয়েও কটাক্ষ করা হয়েছে।
তৃণমূলের এই রাজনৈতিক আক্রমণ ভোটের মুখে কেন্দ্র-রাজ্য সংঘাতকে আরও তীব্র করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।