রবিবার আর বন্ধ থাকছে না দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু। মেরামতির কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুতে যান চলাচল বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা শেষ মুহূর্তে প্রত্যাহার করেছে প্রশাসন। ফলে রবিবার সারাদিনই স্বাভাবিকভাবে যান চলাচল করবে সেতুর উপর দিয়ে।
শুক্রবার রাতে কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, প্রশাসনিক কারণে আপাতত মেরামতির কাজ স্থগিত রাখা হচ্ছে। সেই সঙ্গে আগের সমস্ত নির্দেশিকা বাতিল করা হয়েছে বলেও স্পষ্ট জানানো হয়েছে। সংশ্লিষ্ট সমস্ত দফতর ও কর্তৃপক্ষকে নতুন নির্দেশ পাঠানো হয়েছে যাতে সাধারণ মানুষের মধ্যে কোনও বিভ্রান্তি তৈরি না হয়।
এর আগে কলকাতা পুলিশের তরফে ঘোষণা করা হয়েছিল যে, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতুর কেবল পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজ চলার কথা ছিল সেই সময়। ওই সময় কোনও ধরনের যান চলাচলের অনুমতি থাকত না বলেও জানানো হয়েছিল।
সেই পরিকল্পনা অনুযায়ী একাধিক বিকল্প রুটের ব্যবস্থাও করা হয়েছিল। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা যানবাহনকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার কথা ছিল। পাশাপাশি খিদিরপুর ও কেপি রোড দিক থেকেও যানবাহনকে বিকল্প পথে চালনা করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলের ফলে সেই সমস্ত ট্রাফিক পরিকল্পনাও আপাতত কার্যকর হচ্ছে না। ট্রাফিক কর্তৃপক্ষের দাবি, দ্রুত সিদ্ধান্ত বদল হলেও বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের কোনও সমস্যা হবে না। ফলে রবিবার সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের জন্য বড়সড় স্বস্তি মিলল বলেই মনে করা হচ্ছে।