রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় আপডেট। নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রকাশ করা হবে দ্বিতীয় দফার অতিরিক্ত ভোটার তালিকা। ইতিমধ্যেই বিবেচনাধীন বিপুল সংখ্যক ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট ২৮ লক্ষ ৬ হাজার বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে। এই তালিকা সোমবার বিকেলের মধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে। এরপর সন্ধ্যা থেকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটারেরা নিজেদের নাম যাচাই করতে পারবেন। পাশাপাশি বুথ, বিডিও, এসডিও এবং জেলা শাসকের দফতরেও এই অতিরিক্ত তালিকা টাঙানো হবে।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার বুথের তালিকা কমিশনের কাছে জমা পড়েছে। ফলে রাজ্যজুড়ে তালিকা প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।
সিইও দফতরের একটি সূত্র জানিয়েছে, এই তালিকা প্রকাশ করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই। সমস্ত প্রক্রিয়া আইন মাফিক হওয়ায় তালিকা প্রকাশের পর কোনও বড় ধরনের গন্ডগোলের সম্ভাবনা কম বলেই মনে করছে কমিশন।
তবে যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্যও থাকছে আইনি সুযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইবুনালে আবেদন করে নিজের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্ট রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে মোট ১৯টি ট্রাইবুনাল গঠন করেছে। সব মিলিয়ে, ভোটের আগে এই ভোটার তালিকা আপডেট রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।