কলকাতা: পরীক্ষা শেষ হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। এবারের মেধাতালিকায় শীর্ষস্থান দখল করেছেন সল্টলেকের ছাত্র শাশ্বত বন্দ্যোপাধ্যায়। তিনি নালন্দা অ্যাকাডেমির ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন বিষ্ণুপুরের সৌঋদ্ধ মণ্ডল এবং তৃতীয় হয়েছেন রানিগঞ্জের উমঙ্গ ভুট।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ড সূত্রে খবর, চলতি মাসের শেষেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে।
এবারের সেরা দশ
১. শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) – নালন্দা অ্যাকাডেমি
২. সৌঋদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর) – বিবেকানন্দ মিশন স্কুল, জোকা
৩. উমঙ্গ ভুট (রানিগঞ্জ) – পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল
৪. রাহুল কোনার (নিউটাউন) – দিল্লি পাবলিক স্কুল
৫. সর্বান ভট্টাচার্য (বীজপুর) – গার্ডেন হাই স্কুল
৬. আরহা ভট্টাচার্য (চন্দ্রকোণা) – চন্দ্রকোণা জিরাট হাইস্কুল
৭. সৃজন শুর (শিবপুর) – সাউথ পয়েন্ট হাইস্কুল
৮. মণীশ সেনাপতি (কোতয়ালি, পশ্চিম মেদিনীপুর) – মেদিনীপুর কলেজিয়েট স্কুল
৯. সব্যসাচী লস্কর (সোনারপুর) – বিডিএম ইন্টারন্যাশনাল
১০. দেবজিৎ পাল (বালিগঞ্জ) – সাউথ পয়েন্ট হাইস্কুল
গত ২৪ মে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বোর্ডের তথ্য অনুযায়ী, মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে ৯৪ হাজার ৯০১ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৬৭ হাজার ৩৭৮ জন, ছাত্রী ২৭ হাজার ৫২১ জন এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিলেন ২ জন।
এবারের মেধাতালিকায় স্থান পেয়েছেন ৯২ হাজার ৭৩ জন পরীক্ষার্থী।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষা নেওয়া হয়।
এবার মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৬৪টি কেন্দ্র পশ্চিমবঙ্গে, ২টি ত্রিপুরায় এবং ১টি অসমে ছিল। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস, ক্যালকুলেটর-সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ ছিল।
উল্লেখযোগ্যভাবে, এবছর প্রথমবার মাল্টিপল ওএমআর শিট ব্যবস্থা চালু করা হয়। পাশাপাশি প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ এবং উত্তর চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হয়েছিল। সমস্ত আপত্তি নিষ্পত্তির পরই ফল প্রকাশ করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।