রাজ্যে স্কুলশিক্ষার পরিকাঠামো উন্নত করতে বড় পদক্ষেপ নিল নবান্ন। প্রায় ২,৪০০ কোটি টাকা ব্যয়ে ৪৩০টি মডেল স্কুল গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘোষণা করেন।
‘স্কুলশিক্ষার সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় এই স্কুলগুলিতে স্মার্ট শ্রেণিকক্ষ, পরিবেশবান্ধব ভবন ও আধুনিক ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলা হবে। প্রতি ব্লকে একটি করে এবং ৮৭টি অনগ্রসর ব্লকে দুটি করে মডেল স্কুল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণ নয়, বিদ্যমান স্কুলগুলির মধ্যেই একটি করে প্রতিষ্ঠানকে চিহ্নিত করে উন্নত করা হবে।
মোট ব্যয় ধরা হয়েছে ২,৩৪৯.৭৮ কোটি টাকা। এর ৭০ শতাংশ অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এবং বাকি ৩০ শতাংশ বহন করবে রাজ্য সরকার। বাংলা ও ইংরেজি—দু’ভাষাতেই পড়াশোনার ব্যবস্থা থাকবে।
স্কুলশিক্ষার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উন্নয়নেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২,১৪৮ কোটি টাকার প্রকল্পে পাঁচ বছরে ৫০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো আধুনিকীকরণ করা হবে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, শিশুদের পুষ্টি, শিক্ষাসামগ্রী এবং কর্মীদের সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে।
এই প্রকল্পেও ৭০ শতাংশ অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এবং ৩০ শতাংশ দেবে রাজ্য। মন্ত্রিসভার অনুমোদনের ৩০ দিনের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা।