রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে প্রশাসনিক ব্যবস্থাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই নবান্নে কেন্দ্রীয় সরকারের অভিযোগ জানানোর পোর্টাল চালুর বার্তা পৌঁছেছে। ফলে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও কেন্দ্রের ‘সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম’ বা সিপিগ্রাম (CPGRAMS) চালু হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে।
এতদিন রাজ্যে নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে মূলত ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনের উপরই নির্ভর করত পূর্বতন সরকার। সেই কারণেই কেন্দ্রের অভিযোগ পোর্টালকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি বলে প্রশাসনিক সূত্রের দাবি। তবে শনিবার নতুন মুখ্যমন্ত্রীর শপথের পর বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠিত হলে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সমন্বয় আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সেই পরিস্থিতিতে আলাদা অভিযোগ পোর্টাল না রেখে কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমেই পরিষেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির পথে হাঁটতে পারে নতুন সরকার।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে একাধিকবার পশ্চিমবঙ্গে সিপিগ্রাম চালুর জন্য কেন্দ্রের তরফে চিঠি পাঠানো হয়েছিল। এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা ২৪ ঘণ্টা যেকোনও সরকারি পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে পারেন। কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক, বিভাগ এবং বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত এই প্ল্যাটফর্মে মোবাইল থেকেও অভিযোগ দায়ের করা যায়। পাশাপাশি অভিযোগের নিষ্পত্তি কতদূর এগোল, সেটাও অনলাইনে নজরে রাখা সম্ভব।
তবে প্রশাসনের একাংশের মতে, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামটি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ায় নতুন সরকার চাইলে সেটি চালু রাখতেও পারে। যদিও সেই সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে। কারণ, তৃণমূল সরকারের ‘দিদিকে বলো’ কর্মসূচির পরেই সরকারি স্তরে এই পরিষেবা চালু হয়েছিল। ফলে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাতেও বদল আসতে পারে বলে জল্পনা বাড়ছে।